পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার উপর হামলা করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত ইউনিয়ন পরিষদ কর্মকর্তারা। মানববন্ধনে বক্তাদের ভাষ্য, জামায়াত ইসলামী দলীয় এক চেয়ারম্যানের উস্কানিতে এ ঘটনা ঘটেছে।
রবিবার (১২ এপ্রিল) বিকালে এ মানববন্ধন হয়। এর আগে গত বৃহস্পতিবার পঞ্চগড় সদর উপজেলার হারিভাষা ইউনিয়ন পরিষদে হামলার ঘটনাটি ঘটে।
মানববন্ধনে ভুক্তভোগী প্রশাসনিক কর্মকর্তা আলিউল ইসলাম বলেন,পরিষদের আয়-ব্যয় নির্বাহ নিয়ে সভা হয়। সেখানে হাড়িভাষা ইউনিয়নের চেয়ারম্যান সাইয়েদ নুর-ই আলম ভিজিএফ কার্ডের চালের খালি বস্তা বিক্রির টাকা এবং ঈদুল ফিতরে ইউনিয়নটিতে ৪৫ টি গরু জবাইয়ের ফি বাবদ ২০০ টাকা হারে আদায়ের টাকা খরচের হিসাব দিতে আপত্তি জানান। এ নিয়ে এক পর্যায়ে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে মারার জন্য তেড়ে যান। বাকবিতন্ডা চলতে থাকলে গ্রাম পুলিশ আবু হানিফ ভুক্তভোগীর শার্টের কলার ধরে ধাক্কা দেন এবং পিছন থেকে গ্রাম পুলিশ অলন্ত রায় ঘুষি মারে। ইউপি সদস্য ইব্রাহিম তাকে অফিস কক্ষে নিয়ে যায়। তিনি আরও বলেন, পরে চেয়ারম্যানকে আমি মারপিট করেছি- এমন গুজব রটিয়ে দিয়ে তার দলীয় জামায়াত শিবিরের লোকজনকে মুঠো ফোনে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এরপর তারা হামলা চালায়। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে।
মানববন্ধনে বক্তব্য দেন- ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহীম খলিলুর,হারুন অর রশিদ প্রমুখ। তারা অতি দ্রুত সুষ্ঠু তদন্ত করে চেয়ারম্যান ও হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
বিডি২৪অনলাইন/সি/এমকে