নাটোরের গুরুদাসপুর পৌরসদরের রোজী মোজাম্মেল মহিলা কলেজের সদ্য সাবেক সভাপতি ব্যারিষ্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু কলেজ তহবিলের অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম-দুর্নীতি করেছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তার বিষয়ে এমন অভিযোগ এনেছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা।
রঞ্জু ওই প্রতিষ্টানের প্রতিষ্ঠাতা প্রয়াত সংসদ সদস্য মোজাম্মেল হকের ছেলে ও জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ২০ অক্টোবর সভাপতি নিযুক্তের পর থেকে আবু হেনা মোস্তফা কামাল কলেজের টিউশন ফির ৪ লাখ ৯৯ হাজার টাকা, সাধারণ তহবিলের ১ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা, স্থায়ী আমানতের ২ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মাহাবুব হোসেনের বেতন করে দেওয়ার নামে ৩ লাখ ৫০ হাজার টাকাসহ বিভিন্ন খাতের প্রায় ২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।
শিক্ষক-কর্মচারীদের দাবি, কলেজ তহবিলের সব টাকা ফিরিয়ে দেওয়া হোক। সেই সঙ্গে অভিযুক্তের অনিয়ম-দূর্নীতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বলেন, ‘অর্থ উত্তোলনের জন্য সভাপতি চেকবইয়ে স্বাক্ষর চাইলে বাধ্য হয়ে তিনি স্বাক্ষর করেছেন। সে টাকা কোন খাতে ব্যবহার হয়েছে সেটা তার জানা নেই।’
প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ব্যারিষ্টার রঞ্জু বলেন, তার পিতা ওই প্রতিষ্ঠানের জমিদাতা ও প্রতিষ্ঠাতা। উপাধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে আদালতে দুটি মামলা চলমান থাকায় ওই পদের বেতন সংক্রান্ত কাগজপত্রে তিনি স্বাক্ষর করেননি। এতে ব্যক্তিগত আক্রোশে তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। কলেজের বিভিন্ন প্রোগ্রামসহ আনুসাঙ্গিক খরচ ছাড়া কিছুই করা হয়নি তহবিলের টাকায়।
তিনি আরো বলেন, আমি সভাপতি থাকাকালীন কোনো নিয়োগ হয়নি। অনিয়মও হয়নি। কলেজ ফান্ডের ৬ লাখ টাকা ফান্ডেই রয়েছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে