পঞ্চগড়ে পাম্প থেকে কালোবাজারে পেট্রোল বিক্রি

সম্রাট হোসাইন, পঞ্চগড়
২৯ মার্চ ২০২৬

পঞ্চগড় সদরের হেলিপোর্ট বাজারে মেসার্স হুদা এন্ড সন্স ফিলিং ষ্টেশন থেকে রাতে কালোবাজারে উচ্চমূল্যে পেট্রোল বিক্রি করা হয়েছে। এ নিয়ে পাম্পটিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও জ্বালানি তেল না পাওয়া মোটরসাইকেল চালকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্টেশনটির ম্যানেজার মাসুদের মুঠোফোন বন্ধ থাকলেও কর্মচারীরা বলছেন, রিজার্ভের কিছু পরিমাণ পেট্রোল ছিল, যেটা রাতে পরিচিত ব্যক্তিদের দেওয়া হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১ টায় এ পাম্প থেকে তেল দেওয়া শুরু হয়। বিকালে দীর্ঘ লাইন থাকলেও পেট্রোল নেই বলে ঘোষণা দেয় পাম্প কর্তৃপক্ষ। এদিকে রাতে কালোবাজারে উচ্চ মূল্যে পেট্রোল বিক্রি করে পাম্প কর্তৃপক্ষ। মকসেদ নামের এক ভ্যান চালক বলেন, রাতে মোটরসাইকেলসহ একাধিক জারে পাম্প থেকে তেল নিতে দেখা গেছে ব্যক্তিদের।

মেসার্স হুদা ফিলিং ষ্টেশনের প্রোপাইটর নুর ইসলাম হুদা জানান, হাজার লিটার পেট্রোলের মধ্যে সন্ধ্যা পর্যন্ত হাজার ২০০ লিটার দেওয়া হয়। এডিএম স্যারের সাথে কথা বলে রোববার সকালে অবশিষ্ট ৮০০ লিটার পেট্রল দেওয়ার কথা ছিল। কিন্তু ভীড় সামলানোর কথা চিন্তা করে সকালের আগেই ভোরে প্রশাসনের গাড়িসহ বিভিন্ন কার-মাইক্রোবাসসহ মোটরসাইকেলে দিয়ে শেষ করা হয়।

বিষয়ে জেলা প্রশাসনের এডিএম এসএম ইমাম রাজী টুলুর মুঠোফোনে কল করে কোন সাড়া পাওয়া যায়নি। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা বলেন, রাতে তেল বিক্রিসহ সরাসরি গাড়ি ছাড়া জার বা কোন ড্রামে তেল দেওয়া নিষেধ রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর