পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের দায়িত্বে (অতিরিক্ত) থাকা এ,কে,এম ওয়াহিদুজ্জামানের হাতে অধিদপ্তরটি ট্রেইনার লুনা বেগম লাঞ্ছিত হয়েছেন। রোববার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তবে লাঞ্ছিত করার বিষয়টি অস্বীকার করেছেন এ,কে,এম ওয়াহিদুজ্জামান।
ভুক্তভোগী ট্রেইনার লুনা বেগম বলেন, নারী দিবস উপলক্ষে সকালে শতাধিক আগত নারীদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উঠছিলাম। কিন্তু একটু দেরি হওয়ায় উপর থেকে কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নেমে এসে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এক পযায়ে মাথার পিছনে ধরে ধাক্কা দেন তিনি। তার দাবি, প্রতিনিয়ত অফিসে তার হাতে লাঞ্ছিতের এমন ঘটনা ঘটে। কিন্তু চাকুরির ভয়ে কেউ মুখ খুলে না। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।
অফিসের হিসাব রক্ষক সিলভিয়া বেগম বলেন, ডিডি স্যার (ওয়াহিদুজ্জামান) অফিসের সবার সাথে খারাপ আচরণ করেন। আয়া সালমা বেগম বলেন, গত কয়েকদিন আগে আমাকে লাথি মারছে।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সুমন চন্দ্র দাশ বলেন, ভুক্তভোগী মহিলারা আমার কাছে আসসিলেন। বিষয়টি শুনে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছি তাদের।
বিডি২৪অনলাইন/সি/এমকে