চার মাস আগে বদলির আদেশ দেওয়া হলেও নতুন কর্মস্থলে যোগদান না করে আগের কর্মস্থলে বহাল তবিয়তে রয়েছেন পঞ্চগড়ের বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ কে এম ওয়াহিদুজ্জামান। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এদিকে সম্প্রতি বদলি ঠেকাতে জেলা অফিসের কর্মচারীদের দিয়ে অধিদপ্তরে লিখিত আবেদন করানো হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে বোদা উপজেলায় যোগদান করেন ওয়াহিদুজ্জামান। পরে জেলা কার্যালয়ের উপপরিচালক বদলি হলে উপপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পান তিনি। এদিকে গত বছরের নভেম্বরে তাকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বদলি করা হয়।
লায়লা আক্তারসহ একাধিক সেবা প্রার্থীর ভাষ্য- ভিডাব্লিউবির সমস্যা সমাধানের জন্য উপজেলায় বার বার গেলেও তাকে পাওয়া যায় না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মচারী জানিয়েছেন, প্রতিনিয়ত কর্মচারীদের সাথে অসৌজনমূলক আচরণ করেন তিনি। তার আচরণে অতিষ্ঠ তারা। বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে উপজেলায় বহাল থাকতে তাদের কাছে থেকে লিখিত নিয়েছেন তিনি। তার বদলির আদেশ বহাল রেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এ ব্যাপারে বোদা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপ পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা এ কে এম ওয়াহিদুজ্জামানকে মুঠোফোনে কল দিলে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন ।
বিডি২৪অনলাইন/সি/এমকে