চাটমোহরে মিথ্যা মামলা প্রত্যাহারসহ হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের

পাবনা প্রতিনিধি
০১ মার্চ ২০২৬


পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রতিবাদ সভা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা মো. হাবিবুর রহমানকে মারপিট ও তার উপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে দাবি জানানো হয়েছে সম্প্রতি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের নামে বিএনপির করা মিথ্যা মামলা প্রত্যাহারের।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, রোববার (১ মার্চ) দুপুরের দিকে শহরের নতুন বাজার জারদিস মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানেই প্রতিবাদ সভা হয়। ‘চাটমোহরে বিএনপির সন্ত্রাসী ও টেন্ডারবাজদের দ্বারা উপজেলা জামায়াতের সেক্রেটারির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ এ বিক্ষোভ মিছিলের ডাক দেয় উপজেলা জামায়াত।

প্রতিবাদ সভায় বক্তব্য দেন- উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি সোলায়মান হোসেন, জামায়াতের পৌর শাখার সাবেক সেক্রেটারি মো. সাদ্দাম হোসেন ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি চাটমোহর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে মারধর করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটা অংশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘটনা ঘটে। এদিন স্থানীয় কয়েকটি হাটের ইজারা দরপত্র দাখিলের শেষ দিন ছিল। এ নিয়ে উপজেলা চত্বরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটা অংশ অবস্থান নেয়। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. হাবিবুর রহমান এলাকার এক ব্যক্তিকে সহযোগিতা করতে সেদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান। কাজ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষ থেকে বের হওয়ার পর তাকে টেনে হিচড়ে নিয়ে মারপিট করে তারা। টেন্ডার সংক্রান্ত বিষয়ে মাওলানা হাবিবুর রহমানের ন্যূনতম সংশ্লিষ্টতা বা সম্পৃক্ত ছিল না বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাকে মারপিটের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীর নামে থানায় মামলা করেন উপজেলা জামায়াতের আমীর। জামায়াতের এ মামলার পর উপজেলা বিএনপির সাবেক এক নেতা ভুক্তভোগী হাবিবুর রহমানসহ জামায়াতের ২২ নেতাকর্মীর নামে থানায় মামলা করেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে  

 



মন্তব্য
জেলার খবর