পাবনার চাটমোহরে চাষ্টল থেকে বাড়ি ফেরার পথে ধাক্কাধাক্কি হওয়ার পর ইদ্রিস আলী নামের এক ব্যক্তি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের সঙ্গে তার ধাক্কাধাক্কি হয় বলে গুঞ্জন ছড়িয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার প্রায় সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকা আলমনগর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে এ খবর পাওয়া গেছে।
এদিকে পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইদ্রিস আলীর সুরতহাল রিপোর্ট পুলিশ প্রস্তুত করেছে। সেখানে তার শরীরের কোথাও জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
আনুমানিক পঞ্চাশ বছরের বেশি বয়সী ইদ্রিস আলী আলমনগর এলাকার আব্দুল আজিজের ছেলে। প্রতিপক্ষের সঙ্গে গরু সংক্রান্ত বিষয়ে মামলা ছিল তার। পেশায় তিনি কৃষিজীবী।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ইদ্রিস আলী মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এরপর চাটমোহর সরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪অনলাইন/সি/এমকে